বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হলো ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’

 



সাহিত্য, সংস্কৃতিকে কেন্দ্র করে পাঠক-লেখকের মিলনমেলায় পরিণত হওয়ার প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬'। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে কার্নিভাল। আজ শুরু হওয়া কার্নিভাল চলবে ৩১ শে অক্টোবর পর্যন্ত। 


পাঠক, লেখক, প্রকাশক, শিক্ষার্থী ও বইপ্রেমী সহ সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ঐতিহ্য।


কার্নিভালে ঐতিহ্যের পাশাপাশি অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ প্রকাশনা। ফুড পার্টনার হিসেবে রয়েছে নির্বাচিত পাকেরঘর।



কার্নিভালের প্রথম দিনেই মোড়ক উন্মোচন করা হয়েছে বিশিষ্ট কথাসাহিত্যিক আবু রুশ্‌দ্-এর সাত খণ্ডের রচনাবলি। মোড়ক উন্মোচ্চন করেন আবু রুশ্‌দ্ পরিবারের সদস্য আশেক উর রহমান, ঐতিহ্যের প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা অস্ট্রিক আর্যু, ঐতিহ্যের বিক্রয় ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল।




বইয়ের পাশাপাশি পাঠক ও সাহিত্যপ্রেমীদের জন্য কার্নিভালে রয়েছে নানা বিষয়ভিত্তিক আয়োজন। এর মধ্যে রয়েছে রাইটার্স ডে, বুক ইনফ্লুয়েন্সার ডে, শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলা প্রতিযোগিতা, শিশুদের চিত্রপ্রদর্শনী, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা, ওপেন এয়ার পডকাস্ট, ক্লাব ডে, পাবলিশার্স ডে, বাংলা একাডেমির গাছপরিচিতি, একক নাটক ‘শহীদ কাদরী’ ও তরুণদের কণ্ঠে সুফি গান।




বইপ্রেমীদের জন্য কার্নিভালে রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এ ছাড়া রচনাবলির পৃথক খণ্ড মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় কেনার সুযোগ থাকছে। যেকোনো পরিমাণ বই কিনলেই উপহার হিসেবে পাওয়া যাবে বুকমার্ক। অংশগ্রহণকারী অন্যান্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়েও থাকছে বিশেষ ছাড়।


সাহিত্য, বই ও সংস্কৃতিকে কেন্দ্র করে পাঠক-লেখকের মিলনমেলায় পরিণত হওয়ার প্রত্যাশা নিয়ে শুরু হওয়া ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’-এ সব পাঠক, লেখক, শিক্ষার্থী ও বইপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ঐতিহ্য।


Previous Post Next Post