এআই নিয়ে লিখে সাইন্স ফিকশন সাহিত্যের জন্য বুকার পুরস্কার



​সাহিত্যে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও সম্মানজনক স্বীকৃতি হলো ‘বুকার পুরস্কার’। নোবেল, বুকার এ ধরনের পুরষ্কার বরাবরই মূলধারার সাহিত্যের দিকে ঝুঁকে থেকেছে। মনস্তাত্ত্বিক বিষয় কিংবা লিটারেরি আর্ট & ক্রাফট এসব দিকেই থেকেছে। তবে দীর্ঘ ইতিহাসের পাতায় এবার এক নতুন অধ্যায় যুক্ত হলো। ৮১ বছর বয়সী ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন তাঁর দূরদর্শী ও আলোড়ন সৃষ্টিকারী কল্পবিজ্ঞান (সায়েন্স ফিকশন) উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ (The End of Everything)-এর জন্য ২০২৬ সালের বুকার পুরস্কার অর্জন করেছেন। একই সঙ্গে, ৮১ বছর বয়সে এই পুরস্কার জিতে তিনি বুকার ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে পুরস্কার অর্জনের রেকর্ডও নিজের নামের পাশে লিখেছেন।



​বইয়ের বিষয়বস্তু: ধ্বংসস্তূপের মাঝে মানব অস্তিত্বের খোঁজ

 

​মাত্র ১৯৮ পৃষ্ঠার সংক্ষিপ্ত কলেবরের উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’। এটি মূলত  প্রলয়োত্তর যুগের পটভূমিতে রচিত উপন্যাস।


​গল্পের সূচনা হয় যুক্তরাজ্যের কেন্ট উপকূল থেকে। সময়টা এক অদূর ভবিষ্যৎ; যেখানে মানবসমাজ এক গভীর বিপর্যয়ের মধ্য দিয়ে অতিক্রম করছে। পৃথিবী যেন তার নিজস্ব স্বাভাবিক ছন্দ ও নিয়ম হারিয়ে ফেলেছে। এমনকি প্রকৃতির আকাশ ও পরিবেশেও দেখা দিয়েছে অদ্ভুত সব গ্লিচ বা ত্রুটি। উপন্যাসের মূল চরিত্র ফিলিপ টেন্যান্ট ও তার খালা মার্নি এই ভাঙা পৃথিবীতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।


​গল্পের অন্যতম প্রধান আকর্ষণ হলো 'আইগেটি' নামক রহস্যময় ও অদ্ভুত সত্তার আবির্ভাব। লন্ডনের শহরে হঠাৎ করেই হাজির হয় এই বিশাল আকৃতির স্বচ্ছ কলাম সদৃশ বস্তুগুলো। যা মানুষের চারপাশের বাস্তবতাকে বিকৃত করে তোলে এবং পরিবেশকে অস্থিতিশীল করে দেয়। কোথা থেকে এই অদ্ভুত প্রাণীরা এলো বা তাদের উদ্দেশ্য কী তার কোনো সদুত্তর মানুষের জানা নেই। তারা ধীরে ধীরে মানুষের ভাষা, রূপ ও আচার-আচরণ অনুকরণ করতে শুরু করে।


​উপন্যাসে ফিলিপ উপকূল থেকে একটি পরিবর্তনশীল অদ্ভুত বা অবয়বহীন প্রত্নবস্তু বা রহস্যময় বস্তু খুঁজে পায়। যা তাকে নিরাপদ কোথাও সরিয়ে নিতে হয়। এই যাত্রাকে কেন্দ্র করে উপন্যাসে মানবজীবনের সংকীর্ণতা, বিচ্ছিন্নতা এবং আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার এক গভীর শৈল্পিক চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।


​কেন এমন উপন্যাসের জন্য বুকার পুরস্কার? 


​বুকার পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান প্রখ্যাত ইতিহাসবিদ মেরি বিয়ার্ড জানিয়েছেন যে, দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সর্বসম্মতিক্রমে হ্যারিসনের বইটিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিচারকদের মতে, বইটি ভবিষ্যৎ পৃথিবীর গল্প বললেও তা মূলত আমাদের বর্তমান সময়ের রাজনীতি, জলবায়ু সংকট এবং বিশ্ব ব্যবস্থার এক দারুণ ব্যঙ্গাত্মক রূপক।


কল্পবিজ্ঞান কেবল ভিনগ্রহের যুদ্ধ বা মহাকাশযানের গল্প নয়। বরং এটি মানবমনের মনস্তত্ত্ব, অস্তিত্বের সংকট এবং আমাদের ভবিষ্যৎ আশঙ্কার এক দারুণ বুদ্ধিবৃত্তিক আয়না। সাইন্স ফিকশন ধারার সাহিত্যকে মূলধারার সাহিত্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়ে হ্যারিসন সাহিত্যের সংজ্ঞাকেই যেন কিছুটা প্রসারিত করে দিলেন।

Previous Post Next Post